দুই টাকার ভাড়া নিয়ে যাত্রী-ইজারাদারের মারামারি, ট্রলার বন্ধ

July 27, 2022 at 06:41AM
from somoynews.tv | RSS Feed
মাত্র দুই টাকার ভাড়া নিয়ে যাত্রীর সাথে ইজারাদার লোকজনের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া ও এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে ইজারাদার ট্রলার সার্ভিস বন্ধ করে দিলে দুর্ভোগে পড়েন কর্মজীবী কয়েক হাজার যাত্রী।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মকবুল মাঝি নামের এক ব্যক্তিকে আটক করেছে নৌ-থানা পুলিশ। আটক ব্যক্তির বাড়ি চাঁদপুর। তবে তিনি বন্দর উপজেলার নবীগঞ্জ কদমরসূল এলাকায় বসবাস করেন।
খেয়াঘাটে দুর্ভোগের শিকার যাত্রী সেলিম হোসেন বলেন, সকালে শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাটে ট্রলার চলাচল বন্ধ থাকায় নৌকাগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী উঠে পড়ে। ঝুঁকি নিয়ে নদী পার হয়েছি। তিনি জানান, ট্রলার বন্ধ থাকায় মারামারির ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, কারণ খুঁজতে মাঠে পুলিশ
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রী প্রতি ভাড়া ২ টাকা করে। মকবুল মাঝিসহ ৩ জন যাত্রী বন্দর থেকে নারায়ণগঞ্জে এসেছেন। কিন্তু ভাড়া দিয়েছে ২ জনের। ইজারাদারের লোকজন যাত্রীদের কাছে জানতে চান তারা কতজন। কিন্তু তারা কোন উত্তর দেয়নি। এতে ঘাটের টাকা উত্তোলনকারীরা বলেন, বোবা নাকি। এ নিয়েই কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যাত্রী চলে আসেন। কিছুক্ষণ পর লোকজন নিয়ে ঘাটে এসে ইজারাদারের লোকজনদের উপর হামলা করেন।
নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মনিরুজ্জামান জানান, মারামারির খবর শুনে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। একই সাথে একজনকে আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ভিজিএফের চাল নিয়ে দুই চেয়ারম্যান সমর্থকদের মারামারি
ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগটি আমলে নেয়া হয়েছে ও একজনকে আটক করা হয়েছে।