পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কলকাতায় জমকালো অনুষ্ঠান

June 26, 2022 at 05:07AM
from somoynews.tv | RSS Feed
পদ্মা সেতুর দ্বার উন্মোচন উপলক্ষে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন আয়োজন করে জমকালো অনুষ্ঠানের। পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠান দেখানো হয় কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের ডিজিটাল সাইনবোর্ডের মাধ্যমেও।
বাংলাদেশে স্বপ্ন জয়ের সাক্ষী হলেন প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দারাও। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। একইসঙ্গে দিনভর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয় কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের ডিজিটাল সাইনবোর্ডে।
পদ্মা সেতু যেমন বাংলাদেশের দৃঢ়তা, সক্ষমতার প্রতীক, তেমনি এই সেতু ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় রচনা করবে বলে মত কলকাতার বিশিষ্টজনদের।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পশ্চিমবঙ্গের শিক্ষাবিদ ড.পবিত্র সরকার বলেন, দক্ষিণ এশিয়ায় উপমহাদেশের একটা অহংকারের দিন। এটা একটা নতুন তাজমহল তৈরি হওয়ার মতো বা নোবেল প্রাইজ পাওয়ার মতো।
পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ বলেন, সকলের জন্য খুব ভালো হয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ এবং এই উপমহাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ উন্নত হবে।
আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধনের সাক্ষী হচ্ছে কলকাতাবাসীও
পদ্মা সেতুর দ্বার উন্মোচন উপলক্ষে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সব দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। কয়েক ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে।
কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীস সুর বলেন, এটা একটা বিশাল পরিবর্তন। বাংলাদেশের অভ্যন্তরের মানুষের চলাচলে ব্যাপক সুবিধা। ভারত-বাংলাদেশের পণ্য চলাচল এবং বাংলাদেশের মাধ্যম হয়ে পণ্য ও যাত্রী চলাচলের সময় অনেক কমে যাবে।
আরও পড়ুন: পদ্মা সেতু: বিশ্বব্যাংকের সামনে আনন্দ মিছিল করবেন প্রবাসীরা
ভাষা, সংস্কৃতি, খাদ্য থেকে শুরু করে নানা প্রয়োজনের রোজকার সংযোগে জড়িয়ে থাকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ। এত দিন সেই সংযোগে দুই দেশের মানুষকেই যাতায়াতে নানা প্রতিকূলতার মুখে পড়তে হতো, পদ্মা সেতুর দ্বার খুলে দেওয়ায় দূর হবে সব ভোগান্তি। বেসরকারি হিসাব বলছে, প্রতিদিন গড়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় সাত হাজার পর্যটক যাতায়াত করেন। পদ্মা সেতুর কারণে সেই সংখ্যা অনেক বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।