সাকিবের ফিফটি, ১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ


June 17, 2022 at 05:48AM
from somoynews.tv | RSS Feed

ব্যাটারদের ব্যর্থতার মাঝে ওয়ান ম্যান আর্মি হয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারলেন না সাকিব আল হাসান। ৫১ রানের ইনিংস খেলে জোসেফের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। আর তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেল মাত্র ১০৩ রানে।

ব্যাটারদের আসা যাওয়ার মাঝে একাই লড়ে গেলেন সাকিব। ৪৫ রানে ৬ উইকেট হারানো লাল সবুজের প্রতিনিধিদের ইনিংস নিয়ে গেলেন শতরানে। ৬৭ বল মোকাবিলায় তার ইনিংস থামে ক্যারিয়ারের ২৮তম ফিফটি হাঁকিয়ে। ক্যারিবীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট শিকার করেন আলজারি জোসেফ ও জেইডন সিলস। দুটি করে উইকেট শিকার করেন কেমার রোচ ও কাইল মেয়ার্স।

এর আগে অ্যান্টিগায় ১ রান তুলতেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় টাইগাররা। কেমার রোচের বলে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন জয়। তামিম ইকবালকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওয়ানডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্তও। ৫ বল খেলেও কোনো রান তুলতে পারেননি তিনি। কেমার রোচের বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।

আরও পড়ুন: অনলাইনে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দেখবেন যেভাবে

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না মুমিনুল হক। ফর্মে ফেরার জন্য অধিনায়কত্বও ছেড়েছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসেও শূন্য রানে আউট হয়েছেন সাবেক এ ক্যাপ্টেন। এ নিয়ে সবশেষ দশ ইনিংসের চারটিতেই ডাক মেরেছেন তিনি। দশ ইনিংসে তার সংগ্রহ দাঁড়াল ৬১।

বাংলাদেশ যখন একের পর এক উইকেট হারাচ্ছিল তখন আশা দেখাচ্ছিলেন তামিম ইকবাল। তিনিও বিদায় নেন ৪৩ বলে ২৯ রান করে। তার পরপর লিটন দাসও ১২ রানে কাইলে মায়ার্সের শিকারে পরিণত হন। নুরুল হাসান সোহান আউট হন গোল্ডেন ডাকে।

আরও পড়ুন: পাঁচ হাজার রানের মাইলফলকে তামিম

সপ্তম উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেন সাকিব। তবে ২২ বল মোকাবিলা করলেও মিরাজ দেখাতে পারেননি আশার আলো। মধ্যহ্ন বিরতি পর্যন্ত টাইগার অধিনায়ককে সময় দিলেও, বিরতির পরই জেইডন সিলসের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান। সিলস পরবর্তী ওভারে এসে ফের তুলে নেন মুস্তাফিজের (০) উইকেট।

মুস্তাফিজের পরে এবাদত উইকেটে গিয়ে সাকিবকে সঙ্গ দেয়ার চেষ্টা করলেও, টাইগার অধিনায়ককে ফিরিয়ে ইনিংসের লাগাম টেনে ধরেন জোসেফ। এরপর ৩ বল মোকাবিলা করতেই খালেদ (০) আহমেদকে সাজঘরের পথ দেখান জোসেফ। আর তাতে বাংলাদেশের ইনিংস থামে ১০৩ রানে। এবাদত অপরাজিত ছিলেন ৩ রান করে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url