সংসদে গাইলেন মমতাজ, আবৃত্তি করলেন নূর

June 29, 2022 at 05:58AM
from somoynews.tv | RSS Feed
সংসদ অধিবেশনে গান আর আবৃত্তিতে পদ্মা সেতুর উদ্বোধন উদ্যাপন করলেন সরকারি দলের দুই সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গান গেয়েছেন মমতাজ। আর কবিতা আবৃত্তি করেছেন নূর।
মঙ্গলবার (২৮ জুন) সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা গানে-কবিতায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।
জনপ্রিয় লোক সংগীতশিল্পী মমতাজ প্রথমে গান গেয়ে শোনান—‘আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।’ এদিন শিল্পী মমতাজের পুরো বক্তব্যের সময় জুড়ে সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
আরও পড়ুন: ইমরানের গান কভার করে ভাইরাল তুর্কি গায়ক
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, এখন গ্রামের নারী ভোটাররা শাড়ি-গয়না চায় না। তারা এখন স্বামীর কাছে নৌকায় ভোট চায়। এ সময় তিনি আরও একটি গান গেয়ে ওঠেন, ‘চাই না গয়না, চাই না শাড়ি/ নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি।’
তার বক্তব্যের শেষ পর্যায়ে সহকর্মী এমপিদের অনুরোধে তিনি আরও একটি গান গেয়ে শোনান। মমতাজ তার বক্তব্যে বিএনপি দলীয় সদস্য হারুনুর রশীদের কোরআন ও হাদিসের উদ্ধৃতি দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আমরাও কোরআন-হাদিস পড়ি।’
বক্তব্যের শেষের দিকে বিরোধী দলের দিক থেকে মমতাজকে আরও একটি গান গাইবার অনুরোধ আসে। মমতাজ তখন বলেন, ‘আরে আপনি শুনতে চেয়েছেন, গাইব না?’
এরপর তিনি গেয়ে ওঠেন, ‘সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার/ যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার।’
আরও পড়ুন: বিএনপির রাজনীতি পদ্মা নদীর মাঝে ডুবে গেছে: তথ্যমন্ত্রী
এর আগে নীলফামারী-২ আসনের সরকার দলীয় সদস্য ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর তার বক্তব্য শেষে কবি কামাল চৌধুরীর ‘পদ্মা সেতু’ কবিতা থেকে কিছু অংশ আবৃত্তি করেন।
তিনি আবৃত্তি করেন, ‘আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে এখন ইতিহাস হয়ে গেছে/ বহু বছর পরে আরেকটি বিজয় পার হয়ে যাচ্ছে/ খরস্রোতা পদ্মা/ নৌকা, ভাটিয়ালি, ফেরিঘাট, জাহাজের ভেঁপু ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে দুই তীরের বন্ধন।’