ফুটবল খেলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫


June 09, 2022 at 05:43AM
from somoynews.tv | RSS Feed

ফুটবল খেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার  ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয়দের অভিযোগ, এই সংঘর্ষে এক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন তার প্রতিপক্ষ নাসির উদ্দিন নামে এক ব্যক্তি।


প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুইদিন আগে এলাকার মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের দুই দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা নিয়ে দুইদিন ধরেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার বিকেলে দুই গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।


আরও পড়ুন: রাজধানীতে পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ


দুই পক্ষের হাতাহাতি ও মারধরে আহত হন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম ও ফাতেমার মেয়ের জামাতা ইমরানসহ অন্তত সাত আটজন। অপর পক্ষে আহত হন নাসির, তার স্ত্রী পারুল, তাদের ছেলে পিয়াস, পিয়াল, প্রতিবেশী রোকসানা ও জেবাসহ পাঁচ-ছয় জন। পরে আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।


এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।


ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, এলাকার দুই পরিবারের সন্তানদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা খেলা নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এটিকে তুচ্ছ ঘটনা হিসেবে উল্লেখ করে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি।


আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে কর্মচারী-চিকিৎসক হাতাহাতি


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক দীপু সময় সংবাদকে বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনি ও নাসির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। সেই বিরোধকে কেন্দ্র করেই তাদের সন্তানদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। ফুটবল খেলা একটা ইস্যু মাত্র। মূল বিষয় হচ্ছে পারিবারিক বিরোধ।


ওসি আরও বলেন, তেমন সিরিয়াস কোন ঘটনা ঘটেনি। তার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সতর্ক করে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষের কাছ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url