গতিতে উমরান মালিককে ছাড়িয়ে গেল গুজরাটের পেসার

May 30, 2022 at 04:52AM
from somoynews.tv | RSS Feed
বল হাতে আইপিএলের ফাইনালে গতির ঝড় তুলেছেন গুজরাটের গতি তারকা লকি ফার্গুসন। রোববার (২৯ মে) আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আসরের দ্রুততম বলটি করেন নিউজিল্যান্ডের এই পেসার। তাতে ভেঙে গেছে সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিকের রেকর্ডটি।
আজ রোববার মাঠে গড়িয়েছে টাটা আইপিএলের এবারের আসরের ফাইনাল ম্যাচ। তাতে মুখোমুখি হয়েছে টুর্নামেন্টটির প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস ও নবাগত গুজরাট টাইটান্স। আগে ব্যাট করতে নামা রাজস্থানের বিপক্ষে এবারের আসরের সবচেয়ে দ্রুতগতির বলটি করেন গুজরাটের পেসার লকি ফার্গুসন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে আসরের সবচেয়ে দ্রুতগতির বলটি করেন লকি। ওভারের পঞ্চম বলটি স্পিডোমিটারে ছুঁয়ে ফেলে ১৫৭.৩ কিলোমিটার/ঘণ্টা! তাতেই ভেঙে গেল আসরের বিস্ময়বালক উমরান মালিকের রেকর্ডটি। লকির আগে এবারের আসরে উমরান মালিক ১৫৬.৯ কিলোমিটার গতিতে বল করে আলোচনার জন্ম দেন। সেটিই ছিল এবারের আসরে সবচেয়ে দ্রুতগতির বল।
আরও পড়ুন:পান্ডিয়া তোপে অল্পতেই গুটিয়ে গেল রাজস্থান
এদিন লকি ফার্গুসনের ইয়োর্কার লেংথের বলটি মোকাবিলা করেন রাজস্থানের ওপেনার জোস বাটলার। সে বল থেকে কোন রান নিতে পারেননি তিনি।
উমরান মালিক রেকর্ডটি গড়েছিলেন গ্রুপ পর্বের ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে। ইনিংসের শেষ ওভারে তিনি ১৫৬.৯ কিলোমিটার গতির বলটি করেছিলেন।
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের ফাইনালে হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে ক্রিজে আধিপত্য করতে পারেননি জস বাটলাররা। নির্ধারিত ওভারশেষে ৯ উইকেটে হারিয়ে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১৩০ ।
আরও পড়ুন:আইপিএলে বিশ্বের বৃহত্তম জার্সি
প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি গুজরাট টাইটানসের। জয়ের জন্য তাদের প্রয়োজন মাত্র ১৩১ রান। চার ওভার বল করে মাত্র ১৭ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন গুজরাট অধিনায়ক।
রাজস্থানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন বাটলার। তার ৩৫ বলের ইনিংসটিতে ছিল ৫টি বাউন্ডারি।