রাজস্থানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস

May 12, 2022 at 06:04AM
from somoynews.tv | RSS Feed
রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আইপিএলের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস। এ জয়ের ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান রিশভ পন্ত বাহিনীর।
বুধবার (১১ মে) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থানের দেওয়া ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় দিল্লি। দলের হয়ে মিচেল মার্শ ৮৯, ডেভিড ওয়ার্নার ৫২ ও পন্ত ১৩ রান করেছেন।
মার্শের ৬২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছয়ের মার। রাজস্থানের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন : প্রথম দল হিসেবে প্লে-অফে পান্ডিয়ার গুজরাট
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে সাঞ্জু স্যামসনের দল। মুস্তাফিজের অনুপস্থিতির ম্যাচে দুর্দান্ত বল করেন তিন পেসার চেতান সাকারিয়া, মিচেল মার্শ ও এনরিখ নর্কিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান। শিমরন হেটমায়ারকে না পাওয়া রাজস্থান এ ম্যাচে ওয়ানডাউনে খেলতে নামায় রবিচন্দ্রন অশ্বিনকে।
জয়সওয়াল আউট হয়ে গেলে দেবদূত পাডিক্কালের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন তিনি। ৩৮ বলে হাফসেঞ্চুরিও পূর্ণ করেন এ অলরাউন্ডার। তাকে প্যাভিলিয়নে পাঠান মিচেল মার্শ।
আরও পড়ুন: কেকেআরে ভাঙন, সিইওর বিরুদ্ধে বিস্ফোরক কলকাতা অধিনায়ক
সাঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ, কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলপতি ৬ ও পরাগ ৯ রানে ফেরত যান। পাডিক্কাল আউট হন ৪৮ রান করে।
এরপর রাসি ভ্যান ডের ডুসেনের ১২ রানে ভর করে ১৬০ রান করতে সক্ষম হয় রাজস্থান। দিল্লির হয়ে সাকারিয়া, মার্শ ও নর্কিয়া; তিনজনই ২টি করে উইকেট শিকার করেছেন।