চিকিৎসক সেজে গর্ভপাত, ক্লিনিক পরিচালকের কারাদণ্ড

May 26, 2022 at 10:55PM
from jagonews24.com | rss Feed
নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়ে চিকিৎসক সেজে এক নারীর গর্ভপাত করানোর অভিযোগে একটি ক্লিনিকের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে গাজীপুর মহানগরীর মিরের বাজার এলাকায় ‘জনসেবা’ ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুনকে এই দণ্ড প্রদান করেন আদালত।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ক্লিনিকটি লাইসেন্স ছাড়া পরিচালনা করা হচ্ছিল। ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুন নিজে নার্সিং প্রশিক্ষণ নিয়ে চিকিৎসক সেজে চিকিৎসা দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোগীর গর্ভপাত করার সময় তাকে আটক করা হয়। এজন্য তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও একই অভিযোগে তাকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল।
মো. আমিনুল ইসলাম/ইএ