শরীয়তপুরে সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিহত

May 04, 2022 at 05:38AM
from somoynews.tv | RSS Feed
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কুদ্দুস বেপারী নামে (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি চিতলিয়া ইউনিয়নের মজুমদার কান্দি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড কমিটির সভাপতি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন হাওলাদারের সমর্থকদের মাঝে বিরোধ চলছিল।
এ দিন উভয়পক্ষের লোক মসজিদে ঈদের নামাজ শেষ করে বাইরে এসে নিজেদের আধিপত্য বিস্তারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস বেপারীসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন। কুদ্দুস বেপারী (৬৫) আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে সৈয়দ সরদার (৪০) এবং জয়নাল বেপারীর (৭৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: নরসিংদীতে-ঈদের-নামাজ-পড়ে-ফেরার-পথে-নিহত-১
পালং থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, মারামারির বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ। আহতদের মধ্যে বৃদ্ধ কুদ্দুস বেপারী মারা যান। তার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার শরীরে আঘাতের পরিমাণ ও মৃত্যুর ধরন সঠিকভাবে নিশ্চিত হওয়া যাবে। জড়িত সন্দেহে ও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে।
]]>