ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে আগ্রহী মার্কিন আইনপ্রণেতারা

May 19, 2022 at 11:01PM
from jagonews24.com | rss Feed
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার ইচ্ছে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর টেড ক্রুজ ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তারা এ ইচ্ছের কথা জানান।
গতকাল বুধবার (১৮ মে) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সিনেটর ও কংগ্রেসম্যানের নিজ নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- নুরুল ইসলাম নাহিদ এমপি, নাহিম রাজ্জাক এমপি এবং কাজী নাবিল আহমেদ এমপি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম ও দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে মার্কিন আইনপ্রণেতাদের অবহিত করেন। এছাড়া বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আরও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রতিনিধিদলের সদস্যরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে স্বদেশে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে নেপিদোর ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি অনুরোধ জানান।
প্রতিনিধিদলের নেতা ফারুক খান বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক অর্জনের কথা উল্লেখ করে এ ক্ষেত্রে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোর প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্প্রসারণ ও বহুমুখী অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
সিনেট কমিটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সদস্য সিনেটর টেড ক্রুজ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
প্রতিনিধিদলের সদস্যরা র্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন আইনপ্রণেতাদের সমর্থনও কামনা করেন। তারা বলেন, র্যাব চরমপন্থা, সন্ত্রাসবাদ এবং মাদক ও মানবপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অবদান রাখছে।
এইচএ/এমকেআর