দু’বছর পর রফতানি আয় হবে ৮০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

June 01, 2022 at 06:18AM
from somoynews.tv | RSS Feed
বাংলাদেশের রফতানির পরিমাণ দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, দুই বছর পর বাংলাদেশের রফতানি আয় হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর আমরা ৫১ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘২৯তম চট্রগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, আমাদের প্রধান রফতানি পণ্য তৈরী পোশাক। বিশেষ উদ্যোগ নেয়ার কারণে আমাদের আরও ৫ থেকে ৬টি পণ্য বছরে এক বিলিয়নের বেশি রফতানি করবে। দেশের রফতানি বৃদ্ধিকরণে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে একের পর এক শিল্প কারখানা গড়ে উঠছে। পণ্য উৎপাদন বাড়ছে। বাংলাদেশ ঘুড়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। জাতিসংঘ নির্ধারিত আগামী ২০৩০ সালের আগেই বাংলাদেশ সফলভাবে এসডিজি অর্জন করবে এবং ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। এ দেশের উন্নয়নে আমাদের সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে পুঁজিবাজারে আসছে মিউচুয়াল ফান্ড সদৃশ ইটিএফ
মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি শক্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসায়ীদের ভূমিকা অনেক বেশি। বাংলাদেশ আজ পাকিস্তান থেকে সব সূচকে এগিয়ে, এমনটি ভারতের সঙ্গে প্রায় ৭টি সূচকে এগিয়ে আছে। আমাদের সামনে উজ্জ্বল সম্ভাবনা। এ সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ স্থান। সরকারও চট্টগ্রামকে অধিক গুরুত্ব দেয়। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য এরই মধ্যে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, এখনও কাজ চলছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখন ব্যবসায়ীদের দায়িত্ব বেড়ে গেছে।
চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট এম এ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও সিআইটিএফ কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন এবং চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভির।