শ্রীলঙ্কায় বিরোধী নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব

May 09, 2022 at 04:57AM
from somoynews.tv | RSS Feed
শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
শনিবার (৭ মে) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পেজের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করেছেন এবং দেশের বর্তমান সংকটের মুখে প্রধানমন্ত্রীর পদ গ্রহণে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে বিরোধীদলীয় নেতা প্রেসিডেন্টকে বলেছেন, তার সাংসদদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এর আগে চলমান আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে রাজি হন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সোমবার (৯ মে) তিনি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তিনি পদত্যাগ করলে তার মন্ত্রিসভাও ভেঙে যাবে।
শ্রীলঙ্কায় দিন দিন সরকারবিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। শনিবার (৭ মে) রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন হাজারো মানুষ। বিপর্যস্ত অর্থনীতির জন্য বর্তমান সরকারকে দায়ী করছেন আন্দোলনকারীরা। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
আরও পড়ুন: ভাইয়ের অনুরোধে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ!
বিক্ষোভকারীরা বলেন, আমরা এভাবে আমাদের দেশকে দেখতে চাই না। দেশের জন্য আমরা সব করতে প্রস্তুত। রাস্তা থেকে কোনোভাবেই আমাদের সরাতে পারবে না। তারা হয়তো শেষ পর্যন্ত আমাদের ওপর গুলি করতে পারে। রাজাপক্ষে পরিবারের কাছ থেকে দেশকে বাঁচাতে আমরা এখানে এসেছি। তারা আমাদের দেশকে শেষ করে দিয়েছে।
টানা আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করতে রাজি না হলেও, চাপের মুখে মুখে নিজের পদ ছাড়তে রাজি হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে ছোট ভাই ও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ার অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আগামী সোমবার পদত্যাগ করতে পারেন মাহিন্দা।
এদিকে শ্রীলঙ্কাজুড়ে বিক্ষোভ দমাতে দ্বিতীয়বারের মতো জারি করা জরুরি অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের ধারণা, বিক্ষোভকারীদের দমনের উদ্দেশে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। আন্দোলনকারীদের ওপর নির্যাতনের খড়গ নেমে আসতে পারে বলেও আশঙ্কা তাদের।
]]>