আসরে চতুর্থ শতক বাটলারের, কোহলিদের বিদায় করে ফাইনালে রাজস্থান


May 28, 2022 at 05:58AM
from somoynews.tv | RSS Feed

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়েছেন জস বাটলার। তার ব্যাটিং তাণ্ডবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজস্থান রয়্যালস। রোববার (২৯ মে) ফাইনালে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।

এর আগে শুক্রবার (২৭ মে) ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১৬১ রান সংগ্রহ করে রাজস্থান। ইংলিশ ব্যাটার বাটলার একাই খেলেন ১০৬ রানের ঝোড়ো ইনিংস। ৬০ বল মোকাবিলায় তার ইনিংসে ১০ চারের বিপরীতে ছিল ৬টি ছক্কার মার। এ নিয়ে আসরে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন এই ইংলিশ ব্যাটার।

এর মধ্য দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলির নামের পাশে। ২০১৬ সালে এই কীর্তি গড়ে এতদিন পর্যন্ত এককভাবে এই রেকর্ডের মালিক ছিলেন কোহলি।

এদিকে বাটলারের সেঞ্চুরির দিনে ব্যাট হাতে বাকিদের খুব একটা পরিশ্রম করতে হয়নি। দিতে হয়নি দায়িত্বের পরিচয়ও। রাজস্থানের হয়ে যশস্বী ১৩ বলে ২১ ও অধিনায়ক সানজু স্যামসন ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন। বেঙ্গালুরুর হয়ে ২ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। ফলে আইপিএলের ১৫তম আসরে এসেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল কোহলিদের জন্য।

আরও পড়ুন: মুম্বাইয়ের দলে ছেলে অর্জুনকে বিশেষ সুবিধা দেননি শচীন

আইপিএলে শুক্রবার (২৭ মে) বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে রজত পাতিদার ছাড়া বাকিরা দ্যুতি ছড়াতে পারেননি। ৪২ বল মোকাবিলায় ৪ চার ও ৩ ছক্কার মারে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। রাজস্থানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন প্রসিধ কৃষ্ণা ও ওবেদ ম্যাককয়।

এর আগে টস হেরে আহমেদাবাদে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট করতে নামেন বিরাট কোহলিরা। পুরো আসরের মতো শেষ দিকে এসেও ব্যর্থতার পরিচয় দেন কোহলি। ৮ বল মোকাবিলায় মাত্র ৭ রান করে ফেরেন সাজঘরে। ১.৫ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে স্যামসনের গ্লাভসে ধরা দেন বিরাট। এরপর ক্রিজের আধিপত্য নিজের দখলে নেন পাতিদার।

আরও পড়ুন: দুঃসংবাদ পেলেন দিনেশ কার্তিক

তবে মন্থর গতিতে ব্যাট করতে থাকেন ফাফ ডু প্লেসিস। ১০.৪ ওভারে ওবেদ ম্যাকয়ের বলে অশ্বিনের হাতে ধরা পড়েন ডু প্লেসি। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক। এরপর ক্রিজে এসে ম্যাক্সওয়েল ছোটখাটো একটা ঝড় তোলেন। তবে তিনিও ক্রিজে স্থায়ী হতে পারেননি। ১৪ ওভারে ট্রেন্ট বোল্টের বলে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ ধরেন ওবেদ ম্যাকয়।

একটি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। এক ওভার পর অশ্বিনের বলে বাটলারের হাতে ধরা পড়েন রজত পাতিদার। আর তাতে বেঙ্গালুরুর রানের চাকা হঠাৎ মন্থর হয়ে যায়। এদিন ব্যাট হাতে ঝলক দেখাতে পারেননি দিনেশ কার্তিক ও হাসারাঙ্গা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে কোহলিদের রানের চাকা।



 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url