বঙ্গবন্ধুর খুনিকে শ্রদ্ধা জানালেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি

April 18, 2022 at 05:53AM
from somoynews.tv | RSS Feed
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।
রোববার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের জাতীয় চার নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
আরও পড়ুন: দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: নাছিম
তাৎক্ষণিক নীল দলের এ নেতার বক্তব্যের প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সময় সংবাদকে বলেন, খন্দকার মোশতাক মুক্তিযুদ্ধের পুরো সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিলেন এবং পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার ষড়যন্ত্র করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তাকে চোখে চোখে রাখতে হয়েছে। তাই, শিক্ষক সমিতির সভাপতির বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এটা গ্রহণ করে না।
আরও পড়ুন: শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলার পিটিশনের শুনানি ২৯ মে
পরে উপাচার্য তার বক্তব্য দেওয়ার সময় অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর বক্তব্য এক্সপাঞ্জ করেন বলে জানান ড. মুহাম্মদ সামাদ।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ বলেন, আমি আলোচনায় এমন কিছু বলিনি। শুধু মুজিবনগর সরকারে থাকা সবার নাম বলেছি মাত্র। তারপরও অজান্তে কিছু হলে দুঃখ প্রকাশ করছি।