পাকিস্তানের রকেটে আফগানিস্তানে ৬ নারী-শিশু নিহত


April 17, 2022 at 05:21AM
from somoynews.tv | RSS Feed

পাকিস্তানের সামরিক বাহিনীর রকেট হামলায় আফগানিস্তানের কুনার প্রদেশে পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছেন। আফগান কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার (১৬ এপ্রিল) ভোর হওয়ার আগেই সীমান্ত বরাবর রকেট হামলা চালিয়েছে পাকিস্তানে বাহিনী। খবর আল-জাজিরার।

হতাহতের খবর নিশ্চিত করে প্রাদেশিক তথ্য বিভাগের পরিচালক নাজিবুল্লাহ হাসান আবদাল জানান, ওই ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।


আরেক আফগান কর্মকর্তা বলেন, ‘সীমান্তের খোস্ত প্রদেশে ভোরে এমন আরও হামলার ঘটনা ঘটেছে। সেখানের ডুরান্ড রেখার কাছের চারটি গ্রামে বোমা হামলা চালিয়েছে পাকিস্তানি হেলিকপ্টার।’


নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বেসামরিক লোকজনের ঘরবাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।


শেল্টন জেলার বাসিন্দা এহসানুল্লাহর দাবি, পাকিস্তানি সামরিক বিমান থেকে হামলা চালানো হয়েছে।


আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার প্রতিবাদ জানাতে কাবুলে পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। খোস্ত ও কুনারে এভাবে সামরিক সীমা লঙ্ঘন রোধ করতে হবে।


আরও পড়ুন: তালেবান প্রশ্নে কেন অবস্থান বদলাল চীন


এ নিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত বছর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের মাটি থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে।


তবে কোনো পাকিস্তানি সশস্ত্র গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে তালেবান সরকার। কিন্তু ঔপনিবেশিক আমলে টেনে দেওয়া ডুরান্ড লাইন বরাবর দুই হাজার ৭০০ কিলোমিটারজুড়ে ইসলামাবাদ বেড়া নির্মাণ করায় তালেবানকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।


বৃহস্পতিবার আফগান সীমান্তের কাছে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছে। সামরিক বাহিনীর বিবরণ অনুসারে, পাকিস্তানি তালেবান টিটিপির সাবেক একটি শক্তঘাঁটিতে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি বহরে অতর্কিত হামলা হয়েছে। এতে তাৎক্ষণিক গোলাগুলি শুরু হলে সাত সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছেন।


আরও পড়ুন: আফগান সরকার গঠন হচ্ছে কবে, জানাল তালেবান


অস্থিতিশীল খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের ইসহাম এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি সামরিক বাহিনী বলছে, সন্ত্রাসবাদের যেকোনো আপদ মুছে ফেলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও জোরদার করবে।


জানুয়ারি থেকে আফগান সীমান্ত অঞ্চলে ১২৮ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। একই সময়ে হামলায় প্রায় ১০০ সেনার প্রাণহানি ঘটেছে।


সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি তালেবানকে উৎখাত করতে ২০১৪ সালে আধা-স্বায়ত্তশাসিত সাতটি অঞ্চলে অভিযান চালায় সামরিক বাহিনী। তার মধ্যে ‘উগ্রপন্থীদের কেন্দ্রভূমি’ বলে পরিচিত উত্তর ওয়াজিরিস্তান একটি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url