কপিরাইট আইনে জেমস-মাইলসের মামলা, অভিযোগ গঠন শুনানি ২৬ মে
April 12, 2022 at 05:08AM
from somoynews.tv | RSS Feed
অনুমতি ছাড়া গান ব্যবহার করেছে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক। এ অভিযোগের বিরুদ্ধে কপিরাইট আইনে করা পৃথক দুই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ মে দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১১ এপ্রিল) মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন বিবাদীপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
মামলার বিবাদী ছিলেন, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও ভিএএসের প্রধান অনিক ধর। এর আগে গত বছরের ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে মাহফুজ আনাম ওরফে নগরবাউল জেমস, ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ ও মানান আহমেদ কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে দুটি মামলা করেন।
আরও পড়ুন: নিজেদের রেকর্ড ভাঙল বিটিএস
আদালত অভিযোগ বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেন। ওইদিন জেমস সশরীরে আদালতে উপস্থিত হলেও মাইলসের পক্ষে দুজন উপস্থিত ছিলেন।
শুনানিতে জেমস ও মাইলসের আইনজীবী মিজানুর রহমান মামুন বলেন, ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ মাইলস ব্যান্ডের এ দুটি গান কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। গান দুটি সরিয়ে নেওয়ার জন্য বাংলালিংককে মৌখিকভাবে বলা হয়। ২০১৭ সালের ৬ আগস্ট গান দুটি সরিয়ে নেওয়ার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এ ছাড়া তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে গান সরিয়ে নেওয়ার জন্য তাদের বলা হয়। বারবার বলার পরও তারা গানগুলো সরায়নি। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২১ অক্টোবর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যাই। থানায় মামলা না নিলে আমরা ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্থ হই।
আরও পড়ুন: মানসিক অবসাদে ভুগছিলেন শিল্পী ক্যামিলা
এ আইনজীবী আরও বলেন, নগরবাউলের ছয়টি গান অনুমতি ছাড়া ১৪ বছর ধরে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করছে বাংলালিংক। তাদের এ বিষয়ে বলার পরও গান সরানো হয়নি। আমরা গানগুলো সরাতে লিগ্যাল নোটিশও পাঠাই। তিন মন্ত্রণালয়ের মাধ্যমেও গান সরানোর জন্য বলা হয়। তাতেও গানগুলো সরিয়ে নেয়নি বাংলালিংক।