আসছে যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ


April 16, 2022 at 05:12AM
from somoynews.tv | RSS Feed

আইপিএল, বিগ ব্যাশ, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ইতোমধ্যে ক্রিকেটবিশ্বে জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেছে। তবে কোনো দেশ এখন পর্যন্ত বয়সভিত্তিক লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয়নি। এদিকে প্রথমবারের মতো যুবাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর থেকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ পিএসএল। পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা শুক্রবার (১৫ এপ্রিল) ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এমন সিদ্ধান্তের কথা জানান।

ক্রিকেটবিশ্বে প্রতিনিয়ত বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা। ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ, বাংলাদেশের বিপিএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএলের দেখাদেখি পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও এগিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে।
ছেলেদের পাশাপাশি এখন বিভিন্ন দেশে সংযোজন হচ্ছে নারীদেরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এই যেমন নারী বিগ ব্যাশ লিগের পর পিএসএল ও আইপিএলও নারীদের ধুমধাড়াক্কা এই লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ক্ষেত্রে পাকিস্তান এক ধাপ এগিয়ে আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ পিএসএল।

আরও পড়ুন: পাকিস্তানকে নিজের দেশ মনে হয়েছে লাবুশানের

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘মূলত যুবাদের নিয়ে এ আয়োজনের মূল লক্ষ্য–যেন তারা প্রতিযোগী ও পেশাদার হওয়ার যথেষ্ট সুযোগ পায়।’

রমিজ যোগ করেন, ‘এক দল আরেক দলের বিপক্ষে কঠিন প্রতিযোগিতা করে যাবে। তাদের ডাগআউটে কোচ হিসেবে থাকবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা।’

আসর শুরু করতে রমিজ অবশ্য বেশি সময় নিতে চান না। আগামী অক্টোবরে ৫টি দল নিয়ে তিনি শুরু করতে চান যুবাদের পিএসএল। যেখানে নিলামের মাধ্যমে জুনিয়র ক্রিকেটারদের দলে ভেড়ানো হবে। জুনিয়র ক্রিকেটাররাও আয়ের একটা বড় মাধ্যম খুঁজে পাবে। এ ছাড়া প্রতিটি দলে ভিভ রিচার্ডসনের মতো তারকা ক্রিকেটাররা মেন্টর হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। বড়দের পিএসএল এক মাস ধরে চললেও যুবাদের পিএসএলের সময়কাল ১৫ দিনের বেশি হবে না বলে ক্রিকবাজকে জানান রমিজ।

এদিকে পিসিবি চেয়ারম্যান আরও জানান আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্তা সংস্থা আইসিসি তাদের এমন পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছে। তিনি বলেন, ‘কিছুদিন আগে দুবাইয়ে অনুষ্ঠিত সভায় আমরা আইডিটা উত্থাপন করেছিলাম। সেখানে আইসিসি সদস্যদেশগুলো আগ্রহ প্রকাশ করেছে যুবাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের ব্যাপারে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় মোশাররফ রুবেল

অন্যদিকে বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে লিগ আয়োজনের পক্ষে নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে রমিজ রাজা যুবাদের নিয়ে এমন আয়োজনে দোষের কিছু দেখছে না। তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে যুবারা চাপের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে। কীভাবে পারফর্ম করতে হয়, রান তুলতে হয়, উইকেট শিকার করতে হয়, সে বিষয়ে দক্ষ হবে তারা। যখন তারা সিনিয়র পর্যায়ে খেলবে, তখন তারা এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করতে পারবে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও দাবি করেন, জুনিয়র পিএসএল থেকে তারা বিশ্ব ক্রিকেটের জন্য ভবিষ্যৎ তারকা তৈরি করবেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url