সোহেল চৌধুরী হত্যা: প্রধান আসামি আশিষ চৌধুরী গ্রেফতার


April 05, 2022 at 11:01PM
from jagonews24.com | rss Feed

দীর্ঘ ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারের বিষয়টি অভিযানে থাকা র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বাসায় সার্চ করা হচ্ছে। অবৈধ কিছু পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বলেন, রাতে রাজধানী গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা ঘিরে রাখা হয়। ওই বাসায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী রয়েছে বলে গোয়েন্দা তথ্যে জানা যায়।

এরপর সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাসায় তাকে পাওয়া যায়। সেখানে এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এ মামলায় কারাগারে আছেন তারিক সাঈদ মামুন ও হারুন অর রশীদ। আর পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই, আশিষ রায় চৌধুরী, সানজিদুল হাসান ইমন ও সেলিম খান।

টিটি/এমআরএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url