অধ্যক্ষকে জানিয়েই ঢাকা কলেজের হলে গিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী


April 25, 2022 at 11:07PM
from jagonews24.com | rss Feed

ঢাকা কলেজের আবাসিক হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়নি। তারা নাহিদ হত্যা মামলার আলামত হিসেবে দুটি মোবাইল নিতে এসেছিল বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন৷

সোমবার (২৫ এপ্রিল) রাতে জাগো নিউজকে তিনি এসব কথা বলেন৷

গতকাল (রোববার) বিকেলে ঢাকা কলেজের আন্তর্জাতিক হলে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনী ৷ এ সময় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত নাহিদ হত্যার সঙ্গে জড়িত নাইমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহির হাসান জুয়েলকে আটক করে নিয়ে যাওয়া হয়৷ পরে রাতেই ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়৷

এ বিষয়ে অধ্যক্ষ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হলে প্রবেশের ক্ষেত্রে আমার সঙ্গে কথা বলে নিয়েছে৷ ওখানে আলামত নিতে গিয়েছিল৷ যাওয়ার সময় একটা ছেলেকে নিয়ে গিয়েছিল, পরে তাকে আবার ছেড়ে দিয়েছে৷ এটা একটা নরমাল বিষয়৷ ঢাকা কলেজে কোনো অভিযান চালায়নি৷ যেহেতু এটা মামলার বিষয় সেহেতু আলামত নিয়ে যেতেই পারে৷

সাধারণ ছাত্রদের বিষয়ে অবগত আছেন জানিয়ে অধ্যক্ষ বলেন, সাধারণ কোনো ছাত্রকে হয়রানি যাতে না করা হয় সে বিষয়ে আমরা সচেতন আছি৷ বিভিন্ন ফুটেজে যাদের ছবি আসছে তাদেরই মূলত জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে৷

নাহিদ হাসান/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url