শিবপুরে শেখ রাসেল শিশু কিশোর স্মৃতি সংসদের সভাপতিকে কুপিয়ে হত্যা


April 12, 2022 at 12:02AM
from jagonews24.com | rss Feed

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর শিবপুরে নাঈম (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শিবপুর কলেজ গেট মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম শেখ রাসেল শিশু কিশোর স্মৃতি সংসদের পৌরসভার সভাপতি ছিলেন। এ ঘটনায় টুটুল নামে আরও একজন আহত হন। গুরুতর আহত অবস্থায় টুটুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঈমের সঙ্গে ধানুয়া গ্রামের আলী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে কিশোর গ্যাংয়ের এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই মধ্যে শিবপুর পাইলট স্কুলে নাঈমদের ইফতার মাহফিল ছিল। ওইদিন নাঈম ও তার সমর্থকরা আলীকে ধাওয়া দেন।

এরই জের ধরে আলী ও তার সমর্থকরা সোমবার রাতে বাড়ি ফেরার পথে নাঈমকে ঘিরে ফেলেন। এরপর তারা নাঈমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ওই সময় নাঈমের সঙ্গে থাকা টুটুল তাদের বাধা দিতে এলে তাকেও কুপিয়ে আহত করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যান। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আনার পর চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় টুটুলকে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মামা বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাগ্নেকে কুপিয়ে হত্যা করে ফেরে রেখেছে। আমি তাদের বিচার চাই।

নাঈমের বন্ধু ইয়াসিন বলেন, আমরা ইফতার শেষে বাড়ি ফেরার পথে আলী ও তার সমর্থকরা আমাদের ওপর দুই দিক থেকে হামলা করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, এলাকার আধিপত্য নিয়ে একটি হত্যাকাণ্ডের খবর পেয়েছি। ঘটনার পর পরই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

সঞ্জিত সাহা/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url