বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে কাল


March 16, 2022 at 11:31PM
from jagonews24.com | rss Feed

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত করোনার বিশেষ টিকাদান কার্যক্রম চলবে। এ কার্যক্রমের আওতায় সব স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

আজ (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ও করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বিশেষ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে তিন কোটির অধিক জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১২ বছরের বেশি যেসব ব্যক্তির প্রথম টিকা নেওয়ার ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

যেসব ব্যক্তি প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দুই মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে। গত ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি একদিনে ১ কোটি প্রথম ডোজের ক্যাম্পেইনে যারা টিকা নিয়েছেন তাদের আগামী ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় ডোজের টিকা পূর্বের ক্যাম্পেইন কেন্দ্র থেকে দেওয়া যাবে।

প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রে বুথের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ প্রদান করতে হবে। যাদের দ্বিতীয় ডোজের পর চার মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন। এক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ এবং নারীদের প্রাধান্য দিতে হবে।

এর আগে বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশের পরিবর্তে ১৮ বছর করা হয়।

অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং ফাইজার টিকার প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ হিসেবে প্রদান করতে হবে।

আসন্ন দেশব্যাপী আয়োজিত উন্নয়নমেলায় বুথ স্থাপন করে টিকা প্রদান করতে হবে।

যেসব ব্যক্তি (১২ বছরের বেশি) এখনো প্রথম ডোজ টিকা গ্রহণ করেননি তাদের এ ক্যাম্পেইনে টিকা গ্রহণের জন্য আহ্বান করতে হবে।

স্থানীয়ভাবে প্রচার-প্রচারণার উদ্যোগ নিয়ে কর্মসূচিকে সফল করতে হবে। স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতা ও বিভিন্ন অংশিজনের সহযোগিতায় আসন্ন করোনা ভ্যাকসিন ক্যাম্পেইনকে সাফল্যমণ্ডিত করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এমইউ/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url