২৩ বছর বয়সেই ম্যান ইউর গোলরক্ষকের অবসর
March 25, 2022 at 04:57AM
from somoynews.tv | RSS Feed
ইনজুরির ধকলে পড়ে মাত্র ২৩ বছর বয়সেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক পাউল উলস্টোন।
যে বয়সে অ্যাথলেটরা তাদের ক্যারিয়ার শুরু করেন, সে বয়সেই কিনা অবসরের ঘোষণা দিলেন ম্যান ইউর অনূর্ধ্ব-২৩ দলের গোলরক্ষক উলস্টোন। তবে অবসরের সিদ্ধান্তটা অনেকটা বাধ্য হয়েই তাকে নিতে হয়েছে। উলস্টোন দীর্ঘ দিন তার হিপ ইনজুরিতে ভুগছিলেন। সমস্যা কাটিয়ে উঠতে দুই বার গিয়েছেন ছুরি কাঁচির নিচে। আর এ কারণেই তাকে যেতে হচ্ছে দীর্ঘ পুনর্বাসনে।
নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে উলস্টোন বলেন, ‘মাত্র ২৩ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য খুবই কঠিন ছিল। তবে বিষয়টি ধীরে ধীরে মেনে নিচ্ছি।’
আরও পড়ুন: ‘পিএসজিতে মেসির ভবিষ্যৎ নেই’
এরপর এই স্বল্প সময়ে নিজের অর্জনের স্মৃতিচারণ করে উলস্টোন বলেন, ‘যা আমি অর্জন করেছি, তার জন্য আমি গর্বিত। এ বয়সে অনেকে ফুটবল খেলার স্বপ্ন দেখে। আমারও ইচ্ছে ছিল অনেক দূর এগিয়ে যাওয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের ছিল।’
উলস্টোন তার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু, সতীর্থ, কোচ, মেডিকেল স্টাফ ও ক্লাব অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘সবাই আমাকে সাহস যোগাতে বড় ভূমিকা পালন করেছে। আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং আমাকে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সাহায্য করছে। আমি এখন আমার ক্যারিয়ারের পরবর্তী ধাপের দিকে ফোকাস দিচ্ছি। পরবর্তী জীবনে সফল হতে আমি সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
এর আগে ২০১৮ সালে নিউক্যাসল অ্যাকাডেমি থেকে উলস্টোন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন।
এদিকে উলস্টোনের এমন সময়ে পাশে দাঁড়িয়েছেন রেড ডেভিলদের নম্বর ওয়ান গোলকিপার ড্যাভিড দে হেয়া। উলস্টোনের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক, যখন কাউকে খুবই অল্প বয়সে অবসরের সিদ্ধান্ত নিতে হয়। আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার মূল্য ফুটবলের চেয়েও বেশি।’
আরও পড়ুন: পগবার বিশ্বকাপ মেডেল নিয়ে গেছে চোর!
এরপর হেয়া যোগ করেন, ‘তার সঙ্গে আমি অনুশীলন করেছি, যখন সে সুস্থ ছিল। সে খুবই ভালো গোলকিপার ছিল। আমরা তার জন্য দুঃখিত।’
]]>