রংপুরে দুদকের গণশুনানি: ১৭ প্রতিষ্ঠানের ৩২টি অভিযোগ উত্থাপন
March 29, 2022 at 05:05AM
from somoynews.tv | RSS Feed
দুর্নীতি দমন কমিশন-দুদকের গণশুনানিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত ১৭টি দফতরের বিরুদ্ধে ৩২টি অভিযোগ উত্থাপিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) রংপুরে দুদকের এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো অভিযুক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযোগ তুলে ধরতে পেরে খুশি ভুক্তভোগীরা।
এক রিকশাচালকের অভিযোগ ছিল, সিটি করপোরেশনে জন্মনিবন্ধন-সনদ নিতে গিয়ে এক হাজার ২০০ টাকা ঘুষ দিতে বাধ্য হওয়ার। এলাকাবাসীর পক্ষে ব্রিজের টাকা আত্মসাতের অভিযোগ আনেন এক যুবক। একই বাড়ির দুটি হোল্ডিং ট্যাক্স আদায়ের অভিযোগ তুললেন এক নারী।
মেয়র মোস্তাফিজার রহমানের উপস্থিতিতে এসব অভিযোগের বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের ব্যাখ্যা নেন সভা প্রধান ও দুদক কমিশনার জহুরুল হক।
আরও পড়ুন: সংসদে দুদকের শরীফের চাকরিচ্যুতির ঘটনা তদন্তের দাবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি করে চাকরি করার অভিযোগ করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক। বার বার ডেকেও এ ব্যাপারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের শীর্ষ কোনো কর্মকর্তা উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কমিশনার। তিনি অভিযোগকারীকে সুনির্দিষ্ট অভিযোগ করে দুদকে অভিযোগ দায়ের করতে বলেন।
বেশকিছু শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকতা বা দ্বৈত পেশার অভিযোগ তোলেন এসএম জাকির হোসাইন নামে একজন সাংবাদিক। যথাযথ প্রমাণসহ বিষয়টি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসক আসিব আহসানকে নির্দেশ দেন।
মোস্তাফিজার রহমান নামে এক ব্যবসায়ীর কারখানা পরিদর্শকের বিরুদ্ধে একশ টাকা ঘুষ গ্রহণ এবং ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই কর্মকর্তাকে ভর্ৎসনা করেন দুদক কমিশনার।
আরও পড়ুন: অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির আহ্বান দুদক চেয়ারম্যানের
১৭টি দফতরের বিরুদ্ধে ৩২টি অভিযোগের শুনানি শেষে দুদক কমিশনার বলেন, শুধু প্রতিকার নয়, আজকের পর সবাই নিজেদের ভুলত্রুটি শুধরে নিলে গণশুনানি সফল হবে। উত্থাপিত অভিযোগের অধিকাংশের ব্যাপারে সংশ্লিষ্ট দফতর প্রধানদের সময় বেঁধে দেন দুদক কমিশনার। যথাসময় সমাধান না হলে কমিশনকে অবগত করার নির্দেশ দেন।
রংপুর টাউন হলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গণশুনানিতে জেলা প্রশাসক আসিব আহসান মহানগর পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও দুদক কর্মকর্তারা অংশ নেন।