সড়কের পাশে মিলল এসআইয়ের মরদেহ
March 06, 2022 at 05:10AM
from somoynews.tv | RSS Feed
রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের পাশ থেকে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার হওয়া পুলিশ সদস্যের নাম নূর ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এসআই নূর ইসলাম গাছে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মাদ্রাসা থেকে শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ওসি জানান, নিহত এসআই নূর ইসলামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে তিনি জেনেছেন, কয়েকদিন ধরে নূর ইসলাম ছুটিতে ছিলেন। গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।