তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি বাহিনী
March 02, 2022 at 05:49AM
from somoynews.tv | RSS Feed
অধিকৃত পশ্চিমতীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
নিহতদের দুজন প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সদস্য বলেও দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জেনিনে খুব ভোরে ইসরাইলি বাহিনী গোপন অভিযান চালিয়ে এসব ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ইসরাইলি সীমান্ত বাহিনী জানিয়েছে, সন্ত্রাসী তৎপরতার অভিযোগে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হলে তাদের বাহিনী ব্যাপক গোলাগুলির মুখোমুখি হয়েছে। এরপর গ্রেফতারের পর ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে। এছাড়া সাধারণ ফিলিস্তিনিরাও তাদের দিকে পেট্রোল বোমা, পাথর ও গ্রেনেড নিক্ষেপ করেছে।
পরে ইসরাইলি বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও ইসরাইলি বাহিনীর কোনো হতাহত হয়নি। এদিকে হেবরনে ফিলিস্তিনি স্কুলে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী। এতে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।
আরও পড়ুন: বিক্ষোভে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ওল্ড সিটিতে টহল দেওয়ার সময় শিক্ষার্থীদের হয়রানি করছিল ইসরাইলি বাহিনী। দেড়শ থেকে ২০০ শিক্ষার্থী স্কুলে যাচ্ছিলেন, তখন তল্লাশি চৌকিতে তাদের থামিয়ে হয়রানি করে তারা। জবাবে শিক্ষার্থীরা পাথর ছুড়লে ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিমতীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। ২০১৪ সালের শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়নের ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মহল থেকে তার সমালোচনাও করা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের কারাগারে ১৭ ফিলিস্তিনি সাংবাদিক