প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছেন ইবির বঙ্গমাতা হলের ছাত্রীরা


March 06, 2022 at 11:36PM
from jagonews24.com | rss Feed

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আন্দোলনরত ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন।

রোববার (৬ মার্চ) রাত সোয়া ১১টার দিকে আলোচনায় বসেন তারা। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।

ছাত্রীদের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘটনা শোনার পরপরই ক্যাম্পাসে এসেছি। ছাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টা সমাধানের চেষ্টা চলছে।’

এর আগে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাত সাড়ে ৯টার দিকে হলের ফটকের সামনে এ বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। রাত ১১টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

হলের আবাসিক ছাত্রীরা জানিয়েছেন, সন্ধ্যায় রাজিয়া সুলতানা নামে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার সহপাঠীরা হল প্রাধ্যক্ষকে বিষয়টি জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা।

আন্দোলনরত ছাত্রীরা জানান, হল প্রাধ্যক্ষ নিয়মিত হলে আসেন না। জরুরি কোনো প্রয়োজনেও ছাত্রীরা তাকে পান না। হলে আরও বিভিন্ন সমস্যা রয়েছে। সেগুলো তিনি খোঁজ নেন না। এজন্য তারা প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন।

রুমি নোমান/এএএইচ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url