নোয়াখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু


March 10, 2022 at 10:53PM
from jagonews24.com | rss Feed

নোয়াখালীর চাটখিলে ধানক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল ৫টায় ৩ নম্বর পরকোট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের জালাল আহমেদের স্ত্রী মোসাম্মৎ হায়াতের নেছা (৭৫) ও একই বাড়ির হাসান আহমেদের ছেলে জিহাদুল ইসলাম (৮)।

বাড়ির লোকজন জানান, বৃদ্ধা হায়াতের নেছা বিকেলে বাড়ির দুই শিশু নুসরাত জাহান মীম (৯) ও জিহাদুল ইসলামকে নিয়ে পাশের বাড়িতে রোগী দেখতে যান। পথে ধানক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রথমে জিহাদ অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে হায়াতের নেছাও জড়িয়ে পড়েন। সঙ্গে থাকা মীম বাড়ি এসে খবর দিলে লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন।

পরকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাটখিল থানার পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। একই বাড়িতে দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমআরএম/এমকেআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url