জন্মভূমি পাকিস্তানে খেলতে মুখিয়ে উসমান খাজা
March 01, 2022 at 05:59AM
from somoynews.tv | RSS Feed
দীর্ঘ সময় পর নিজ জন্মভূমি পাকিস্তানে গিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। জন্মস্থান রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে মুখিয়ে আছেন এই অজি ক্রিকেটার।
এদিকে, অস্ট্রেলিয়া দল পাকিস্তান সফরে যাওয়ায়, সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে অজি অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগারের স্ত্রীকে। এতে করে সিরিজের আগে তৈরি হয়েছে নতুন করে শঙ্কা।
২৪ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে টিম অস্ট্রেলিয়া। ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে অজিরা। যে রাওয়ালপিন্ডিতে ৩৫ বছর আগে জন্মেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা। অস্ট্রেলিয়ায় মাইগ্রেশনের পর তার বাবা-মা পাকিস্তান ছেড়ে চলে যান এরপর।
একেতো প্রথমবারের মত পাকিস্তানে কোন সিরিজ খেলতে এসেছেন খাজা। তার ওপর এত বছর পর প্রিয় জন্মভূমিতে এসেছেন। সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত এই অজি ক্রিকেটার। নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে খাজা বলেন, ‘এটা আমার জন্য অনেক বিশেষ কিছু। আমি জানি, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কোথায়। আমার মনে আছে, ছোটবেলায় এই মাঠে আমি ছবিও তুলেছি বেশ কিছু। যেটা এখন পুরাতন গ্রাউন্ড। আমি জন্মেছি এখানে। আমার বাবা-মা করাচিতে ছিলেন। তাই আমার কাছে এই জায়গাটা অনেক আবেগের। আর এখানেই আমি খেলতে এসেছি। ভাবতেই ভালো লাগছে।’
অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টে সেঞ্চুরি হাঁকান উসমান খাজা। তাতেই পাকিস্তান সিরিজে টেস্ট স্কোয়াডে নাম লেখান এই ব্যাটার। বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার অভিজ্ঞতা থাকলেও, পাকিস্তানের কন্ডিশনে সিরিজটা কেমন হতে যাচ্ছে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তিনি।
আরও পড়ুন: প্রেসিডেন্ট বক্সে মুশফিককে বাদ দেওয়ার কথা গুজব: পাপন
এ বিষয়ে অজি ব্যাটার বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে এসে কোন সিরিজ খেলতে পারাটা আমাদের জন্য সত্যিই অনেক রোমাঞ্চকর। বিশেষ করে এই রাওয়ালপিন্ডিতে যেখানে আমি জন্মেছি। যখন আমি ছোট ছিলাম, তখন রাওয়ালপিন্ডি গ্রাউন্ডে অনেক খেলেছি। আমি যেমন সিরিজটা নিয়ে অনেক রোমাঞ্চিত, তেমনি দলের অন্যরাও অপেক্ষায় আছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে। কারণ এর আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমরা তাদের বিপক্ষে খেলেছি। এবার তাদের মাটিতে তাদের কন্ডিশনে আমরা খেলবো। আর সেটার জন্য অপেক্ষায় আছি।’
আরও পড়ুন: আফ্রিকা সিরিজে টাইগারদের বোলিং কোচের নাম ঘোষণা
এদিকে, অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগেই নতুন করে শঙ্কার মুখে পড়েছে। পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে অজি অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগারের স্ত্রী ম্যাডিলেইনকে। আর তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ডে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অবশ্য পরবর্তীতে বিষয়টি তদন্ত করে দেখেছে। এক গণমাধ্যমে উঠে এসেছে, ভারতের কোন এক ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে এই হুমকি।