পুলিশের নির্যাতনে ‘নিহত’ উজিরের বাড়িতে অতিরিক্ত ডিআইজি
February 27, 2022 at 05:13AM
from somoynews.tv | RSS Feed
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনের ঘটনায় ‘নিহত’ উজির মিয়ার বাড়িতে যান সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পশ্চিম পাগলা ইউনিয়নের বাগেরকোনা শত্রুমর্দন গ্রামে নিহত উজিরের বাড়িতে গিয়ে উজির মিয়া গ্রেফতারের সময় প্রত্যক্ষদর্শী মা, স্ত্রী, শিশুকন্যা ও চাচাত বোনের সঙ্গে একান্তে দীর্ঘ সময় কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ছাতক থানার সার্কেল বিল্লাল হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেনসহ পুলিশ সদস্যরা।
উজির মিয়ার চাচাত ভাই গোলাম মোস্তফা জানান, পুলিশি নির্যাতনে উজিরের মৃত্যুুর পর শুক্রবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি উজিরের বাড়িতে এসে নিহতের ঘটনার খোঁজখবর নিয়ে গেছেন এবং প্রতিবেদনের আলোকে সর্বোচ্চ ন্যায় বিচারের আশ্বাস দিয়ে গেছেন। আজ অতিরিক্ত ডিআইজি উজিরের বাড়িতে এসে তার পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন- উজির মিয়া নিহতের ঘটনায় তদন্ত সাপেক্ষে সর্বোচ্ছ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: উজির মিয়ার বিষয়ে বিন্দুমাত্র ছাড় নয়: পরিকল্পনামন্ত্রী
উল্লেখ্য, গত বুধবার ৯ ফেব্রুয়ারি রাতে একটি চুরির মামলায় সন্দেহজনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। ২১ ফেব্রুয়ারি উজির মিয়া নিজ বাড়িতে অসুস্থতা আরও বাড়লে স্থানীয় কৈতক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের সু-বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।