নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিলল নিজ প্রতিষ্ঠানের গুদামে
February 16, 2022 at 05:09AM
from somoynews.tv | RSS Feed
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে নিখোঁজের ৫ দিন পর নিজ প্রতিষ্ঠানের গুদামে ব্যবসায়ীর মরদেহ মিলেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মরদেহটি উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর ছেলে জসিম উদ্দিন (৩৫) মরিচ্যাবাজারস্থ নাঈমা এন্টারপ্রাইজ নামীয় ডিলার ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সে মরিচ্যা বাজার এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন।
নিখোঁজের বিষয়ে ব্যবসায়ী জসিম উদ্দিনের স্ত্রী জোসনা আকতার উখিয়া থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। পুলিশ ও র্যাব-১৫ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদনও করেছিলেন দুই সন্তানের জননী জোসনা আকতার। নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করা হয়েছিল। এতেও সন্ধান মিলছিল না তার।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জসিমের ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম থেকে উৎকট গন্ধ পান পথচারীরা। পরে উখিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। বিকালে গুদামের তালা ভেঙে উদ্ধার করা হয় ব্যবসায়ী জসিমের অর্ধগলিত মরদেহ।
আরও পড়ুন: জিল্লুর ভান্ডারি হত্যা: দুইজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, যতটুকু জেনেছি নিখোঁজ ব্যবসায়ী জসিম উদ্দিন একজন শান্ত প্রকৃতির লোক। তার সাথে কারো কোনো ধরনের বিরোধ নেই। এরপরেও তাকে হত্যা করা হলো, তার মরদেহ উদ্ধার হলো। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, ব্যবসায়ী জসিমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।