বিপিএলের ভেন্যু থেকে বাদ বসুন্ধরার মাঠ
February 02, 2022 at 06:31AM
from somoynews.tv | RSS Feed
বিপিএল ফুটবলের ভেন্যু থেকে বাদ বসুন্ধরা কিংস কমপ্লেক্স। টঙ্গী ও মুন্সিগঞ্জ স্টেডিয়ামে হবে খেলা। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে আসর। এ তথ্য জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
এর আগে কুমিল্লা ও সিলেট স্টেডিয়ামের মাঠে লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে না বলে জানা গিয়েছিল। ওমিক্রণের প্রভাব বাড়ায় ঢাকার আশেপাশের ভেন্যুগুলোতেই এবার প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত সেগুলোর কোনোটিই হচ্ছে না।
ঢাকা আবাহনীর ভেন্যু বরাবরই বঙ্গবন্ধু স্টেডিয়াম। তবে এবার সিলেটকে করা হয়েছিল ঐতিহ্যবাহীদের হোম ভেন্যু। কিন্তু ফুটবল মাঠে ক্রিকেট পিচ থাকায়, সেখানে আপাতত করা যাচ্ছে না বিপিএল আয়োজন।
আরও পড়ুন: ফুটবলের দল বদলের শেষ দিনে কার কোথায় ঠাঁই হলো?
একই কথা কুমিল্লা ভেন্যুর জন্যও। আরেক ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান আর চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু ছিল এটি। কিন্তু সেখানেও ক্রিকেট পিচ থাকায় আয়োজন করতে দেরি হতে পারে ফুটবল। দেশে করোনার সংক্রমণ বাড়ায় চিন্তার ভাঁজ বাফুফে কর্মকর্তাদের কপালে। গেল মৌসুমেও করোনায় মাঠে খেলা চালাতে সমস্যায় পড়তে হয়। ২০২০-২১ মৌসুম তো পুরোই ভেস্তে যায় করোনায়।
আরও পড়ুন: বার্সেলোনাতেই থাকছেন দেম্বেলে
যাতায়াত ও আবাসনের সুবিধার জন্য মাঠের সংখ্যা কমেছে বলে জানিয়েছিলেন সালাম মুর্শেদী। তিনি বলেছিলেন, ‘কুমিল্লা আর সিলেটের মাঠে ক্রিকেট পিচ আছে। সেখানে ফুটবল আয়োজনে সমস্যা হতে পারে। করোনা বাড়তেছে। ভেন্যুও কমিয়ে নিয়ে আসা হবে।’