ধর্ষণ মামলার আসামিকে জামিন: মাদারীপুরের জেলা জজকে তলব
January 05, 2022 at 11:59PM
from jagonews24.com | rss Feed
মাদারীপুরের রাজৈর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার প্রধান আসামি শিপন মোল্লাকে জামিন দেওয়ার ঘটনায় মাদারীপুরের জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ জানুয়ারি তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ওই মামলার অপর আসামি বিপ্লব মোল্লার জামিন শুনানিকালে বুধবার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ওইদিন আসামি বিপ্লব মোল্লার জামিন বিষয়েও শুনানি হবে।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিছুর রহমান। আসামি বিপ্লব মোল্লার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অলোক কুমার ভৌমিক।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ধর্ষণ মামলার আসামি বিপ্লব মোল্লার জামিন শুনানির সময় আদালত জানতে পারেন মামলার প্রধান আসামি শিপন মোল্লাকে মাদারীপুরের জেলা জজ ২০২১ সালের জুন মাসে জামিন দিয়েছেন। ধর্ষণ মামলার প্রধান আসামিকে কেন জামিন দিলেন, তার ব্যাখ্যা দেওয়ার জন্য হাইকোর্ট জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে তলব করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি মাদারীপুরের রাজৈর থানায় শিপন মোল্লা (৩২) ও বিপ্লব মোল্লার (২৮) বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন এক নারী। আসামিদের বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয়।
গত বছরের ১৭ ফেব্রুয়ারি আসামিদের গ্রেফতার করা হয়।
এফএইচ/এমএইচআর