ইউপি নির্বাচন: পিরোজপুরের মঠবাড়িয়ার ফল
January 06, 2022 at 06:10AM
from somoynews.tv | RSS Feed
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বুধবার (৫ জানুয়ারি) পিরোজপুরের মঠবাড়িয়ার ৪টি ও ভান্ডায়িার ১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন- মঠবাড়িয়া উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নে হারুন অর রশিদ তালুকদার (নৌকা), ৪ নং দাউদখালী ইউনিয়নে ফজলুল হক খান রাহাত (নৌকা), ৬নং টিকিকাটা ইউনিয়নে রফিকুল ইসলাম রিপন জমাদ্দার (নৌকা) ও ১১ নং বড়মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাসির হোসেন হাওলাদার (চশমা)।
অন্যদিকে, ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এসকল কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নারী ভোটাররা ইভিএম পদ্ধতিতে নতুন ভোট প্রয়োগ করায় কিছুটা ধীরগতি দেখা দেয়। চারটি ইউনিয়নের মধ্যে ধানীসাফা ও বড়মাছুয়া ২টি ইউনিয়নে ইভিএমে ও বাকি দাউদখালী ও টিকিকাটা ২টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা।
সব কেন্দ্রে কোনো রকম সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ফলে নারী ভোটাররা নানা জটিলতায় পড়েন। এতে নারী ভোটারদের ভোট গ্রহণে ধীর গতি বিরাজ করে।
আরও পড়ুন: নেত্রকোনায় ব্যালট ছিনতাইকারী আটক
ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা মুজাহার আলী বাড়ি এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও মঠবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক আবুল কাশেম জানান, এই ভোটকেন্দ্রে সকালে এক ঘণ্টা ভোট গ্রহণের পরে ইভিএম পোর্টাল অচল হয়ে পড়লে উপজেলা নির্বাচন অফিস তাৎক্ষণিক নতুন একটি সচল ইভিএম মেশিন দিয়ে নির্বিঘ্ন ভোটগ্রহণ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারগণ দিনভর শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, মঠবাড়িয়ায় চারটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোনো সহিংসতা হয়নি।