কমবে দিনের তাপমাত্রা, নামবে বৃষ্টি
January 11, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed
জানুয়ারি মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও ঢাকায় কার্যত শীত পড়েনি। তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আর বৃষ্টির পর কিছুটা শীত পড়বে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
সোমবার (১০ জানুয়ারি) আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ রাতেই দেশের কিছু এলাকা বিশেষ করে রাজশাহী, রংপুর, যশোরের দিকে বৃষ্টি শুরু হতে পারে। রাতে তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
তিনি বলেন, আগামীকাল ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই অবস্থা বিরাজ করতে পারে। আর এই কয়েকদিন বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে।
আরও পড়ুন : ৪৩ বছরের মধ্যে ঢাকায় সবচেয়ে কম শীত
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, সোমবার ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৫, ময়মনসিংহে ১৪ দশমিক ৪, চট্টগ্রামে ১৬ দশমিক ৮, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহী ১৪ দশমিক ৬, রংপুরে ১৪ দশমিক ৮, খুলনায় ১৫ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পরবর্তী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
]]>