কোনো কোনো দেশের অসন্তুষ্টির কারণ খুঁজছি: পররাষ্ট্রমন্ত্রী
January 04, 2022 at 05:34AM
from somoynews.tv | RSS Feed
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো কোনো দেশ বাংলাদেশের ওপর অসন্তুষ্ট। এই অসন্তুষ্টির কারণ খুঁজে তা দূর করার চেষ্টা চলছে।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে লেখা চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, দেখি কী জবাব আসে। আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি। আশা করি তাদের জবাবে ইতিবাচক কিছু আসবে, আমরা এ নিয়ে আশাবাদী।
তিনি বলেন, ‘কারও সঙ্গে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব’ বৈদেশিক সম্পর্কের মূলনীতি মেনেই আমরা কাজ করছি।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনায় ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, কিছু কিছু দেশ কী কারণে অসন্তুষ্ট, সেটি আমরা শোধরানোর চেষ্টা করব। তারা কোনো মিথ্যা তথ্যের ওপর ক্ষুব্ধ হয়ে থাকলে আমরা তাদের সত্য তথ্য দিয়ে বোঝাব। আশা করি, তারা আমাদের বুঝবে।
প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর মাকির্ন অর্থ ও পররাষ্ট্র দপ্তর র্যাব এবং পুলিশের বর্তমান আইজি বেনজির আহমেদসহ র্যাবের সাতজন বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তার ওপর মানবাধিকার বিষয়ক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেনজির আহমেদ পূর্বে র্যাবের মহাপরিচালক ছিলেন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর দুই দেশের মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ শুরু হয়। বাংলাদেশ এই সিদ্ধান্তে বিচলিত হলেও বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিচ্ছে। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফোন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে।
]]>