ভিসি পদত্যাগ না করলে বুধবার অনশনে বসবেন শাবি শিক্ষার্থীরা
January 18, 2022 at 11:43PM
from jagonews24.com | rss Feed
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টায় ভিসি বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ‘গত ১৩ (জানুয়ারি) দ্বিতীয় ছাত্রী হলে বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন শুরু করছিলেন। কিন্তু গত (১৬ জানুয়ারি) ভিসি এবং প্রক্টরিয়াল বডির সামনে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে চল্লিশ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে গুরুতর আহত এবং একজন আইসিইউতে আছেন। এরপর থেকেই এমন স্বৈরাচারী ভিসি, প্রক্টর এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা আমরা চাই না। আমরা রাষ্ট্রপতির কাছে খোলা চিঠি পাঠিয়েছি।’
শিক্ষার্থী আরও বলেন, ‘পুলিশ আমাদের ওপর হামলা করলো এবং আমাদের বিরুদ্ধে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করলো। এ মামলা যেন দ্রুত অপসারণ করে। আর ভিসি যদি বুধবার দুপুরের মধ্যে পদত্যাগ না করে আমরা আমরণ অনশনে যাবো। আমরা সারাদেশ থেকে সাপোর্ট পাচ্ছি প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন, এমনকি দিল্লির এক বিশ্ববিদ্যালয়ও আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। ভিসি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা বুধবার থেকে অনশন শুরু করবো এবং আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।’
এমএএইচ/