রাঙামাটিতে আ.লীগের ৮ নেতাকে বহিষ্কার
February 01, 2022 at 05:11AM
from somoynews.tv | RSS Feed
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করার দায়ে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিমকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। একই সাথে পাঁচ ইউনিয়নে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া ছয় নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মাইনী ইউনিয়নের মৎসজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার ও শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন কমল, গুলশাখালী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রকিব হোসেন, বগাচত্বরের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বোরহান উদ্দিন, ভাসাইন্যাআদামের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলী এবং লংগদু সদরের উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কুলিনমিত্র চাকমা আদু।
রাঙামাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ লংগদু উপজেলার সাত ইউনিয়নের পাঁচটিতেই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন বহিষ্কৃত এই নেতারা।
আরও পড়ুন: সিনহা হত্যা: ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড
আগামী ৭ ফেব্রুয়ারি এই উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতাব্বর বলেন, লংগদু উপজেলার ৭টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ৫ ইউনিয়নে ৬ জন প্রার্থী দলীয় সিদ্ধান্তে বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছে। তাদের নির্বাচন থেকে সড়ে যেতে নির্দেশ দেওয়ার পরও তা মানেননি তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর বারেক সরকার ও সহ-সভাপতি আব্দুর রহিমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল, তারা জবাব দিয়েছে। কিন্তু তারা এখনো বিদ্রোহীদের হয় কাজ করছে এমন প্রমাণ আমাদের হাতে আসার পর আজ (সোমবার) জরুরি সভায় আসার জন্য চিঠি ও ফোন করা হলো তারা ফোন ধরেননি, এবং মিটিংও আসেনি। তাই তাদেরও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিনহা হত্যা: রায়ে সন্তুষ্ট নন রাষ্ট্রপক্ষ
তিনি আরও বলেন, আমরা তাদের অব্যাহতিপত্র কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছি, সেখান থেকে বহিষ্কার চূড়ান্ত করা হবে। পাশাপাশি তাদের উপজেলা চেয়ারম্যান পদ ও জেরা পরিষদ সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বলা হয়েছে।
অব্যাহতি বিষয়ে জানতে আব্দুল বারেক সরকার ও আব্দুল রহিমকে বেশ কয়েকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি।