মসজিদের ওযুখানায় কোপানো হলো আ’লীগ নেতাকে


January 12, 2022 at 12:32AM
from jagonews24.com | rss Feed

জেমস বাহিনীর সদস্যরা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে সিরাজগঞ্জের তাড়াশে ধামইচ হাট মসজিদের ওযুখানায়।

আহত ব্যক্তির নাম এফ কবির চৌধুরী। তিনি ৩ নম্বর সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই।

এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জুলফিকার আলী ভুট্টুর কাছে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের ওযুর সময় এফ কবির চৌধুরীর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে জেমস বাহিনী। এতে তার মাথায় পাঁচটি ও পায়ে চারটি সেলাই দেওয়া হয়। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচিত প্রার্থীর সমর্থক জেমস বাহিনীর সদস্যরা আমার ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। ১৫ সদস্য বিশিষ্ট এই বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

তিনি আরও বলেন, জেমস বাহিনীর প্রধান মোনায়েম হোসেন জেমস, সদস্য রোকন ফারুকী, শাওন, ফয়সাল আহম্মেদ রানা, আহম্মেদ ইমতিয়াজ, মমিন প্রামানিক, মিরন, তোফাজ্জল, রান্টুসহ আরও বেশ কয়েকজন আমার ভাইয়ের ওপরে হামলা চালায়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা করবেন বলে জানান তিনি।

এদিকে জেমস বাহিনীর প্রধান মোনায়েম হোসেন জেমস সব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থীর কাজ করায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় এফ কবির চৌধুরীকে রাত ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেমস বাহিনীর বিষয়ে তিনি বলেন, জেমস নামে এক ব্যক্তিকে আমি চিনি। সেটা তদন্ত করে দেখা হবে।

জেডএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url