বিসিএলে সর্বোচ্চ রান মিঠুনের, উইকেট মুরাদের
January 07, 2022 at 05:32AM
from somoynews.tv | RSS Feed
শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের মৌসুমের খেলা। টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ রান মোহাম্মদ মিঠুনের, সর্বোচ্চ উইকেটের মালিক হাসান মুরাদ।
বিসিএলের এবারের মৌসুমে মধ্যাঞ্চলের হয়ে ৪ ম্যাচের ৭ ইনিংসে ৪৬৮ রান করেছেন মিঠুন। দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে যার গড় ৬৬.৮৫। সর্বোচ্চ রান করা মিঠুনই জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যৌথভাবে এই পুরস্কারের ভাগিদার হয়েছেন দক্ষিণাঞ্চলের জাকির হোসেনও। এই ক্রিকেটার পুরো টুর্নামেন্টজুড়ে করেছেন তিনটি সেঞ্চুরি। টুর্নামেন্টে অবশ্য সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে তিনি, করেছেন ৩৯৬ রান।
মিঠুনের সতীর্থ হাসান মুরাদ শিকার করেছেন ২২ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট আছে নাসুম আহমেদের।
বিসিএলের এবারের আসরের শিরোপা জিতেছে মধ্যাঞ্চল। শ্বাসরুদ্ধকর ফাইনালে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৪ উইকেটে হারিয়েছে তারা। প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠার পর ব্যাট হাতেও সমানতালে ছড়ি ঘুরিয়েছেন মধ্যাঞ্চলের শুভাগত হোম। দুই ইনিংসেই শতক হাঁকিয়েছেন। যদিও দলের বিপদে ব্যাট হাতে হাল ধরে অভাবনীয় সাফল্য এনে দিয়েছেন তিনি। কারণ শেষ তথা পঞ্চম দিনে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মধ্যাঞ্চলের জয়ের জন্য লক্ষ্য ছিল ২১৮ রানের। যদিও এই তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে ফেলে তারা।
আরও পড়ুন: টিম লিডার সুজন সম্পর্কে যা বললেন মাশরাফী
মধ্যাঞ্চলের স্কোর যখন ৬ উইকেটের বিনিময়ে ৬৮ রান ছিল, তখন দক্ষিণাঞ্চলের জয় অনেকটা সময়ের ব্যাপার বলে ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু এমন অবস্থা থেকেও দলকে জয়ের দিকে নিয়ে যান শুভাগত। এর আগে মধ্যাঞ্চলের হয়ে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। ২৭টি চার ও ৩টি ছয়ের বিনিময়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।