ফাইনালে নাদালের প্রতিপক্ষ মেদভেদেভ
January 29, 2022 at 05:35AM
from somoynews.tv | RSS Feed
টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন দানিল মেদভেদেভ। রড লেভার অ্যারেনায় দ্বিতীয় সেমিফাইনালে স্টেফানোস সিটসিপাসকে ৩-১ সেটে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেন ২৫ বছর বয়সী এই তারকা। ফাইনালে তার প্রতিপক্ষ রাফায়েল নাদাল।
জোকোভিচের অনুপস্থিতিতে দানিল মেদভেদেভই ছিলেন আসরের শীর্ষ বাছাই। প্রথম রাউন্ড থেকেই খেলছিলেন দাপট নিয়ে। তবে চতুর্থ রাউন্ড থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পরতে থাকেন এই রাশান তারকা। ৫ সেটের ম্যারাথন লড়াই জিতে পা রাখেন সেমিতে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পান স্টেফানোস সিটসিপাসকে। যার সাথে মুখোমুখি লড়াইয়ে ৬-২ এ এগিয়ে থেকে রড লেভার অ্যারেনায় কোর্টে নামেন মেদভেদেভ।
পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও প্রথম সেট থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঈঙ্গিত দেন সিটসিপাস। প্রথম সেটই গড়ায় টাইব্রেকে। সিটসিপাসের ব্যাকহ্যান্ডের দুর্বলতা ভালো মতই কাজে লাগান মেদভেদেভ। শেষ পর্যন্ত টাইব্রেকে প্রথম সেট ৭-৬ গেমে জিতে নেন এই রাশিয়ান তারকা। প্রথম সেট হারলেও ঘুরে দাঁড়ান সিটসিপাস। দ্বিতীয় সেটে আধিপত্য নিয়ে খেলে ৬-৪ ব্যবধানের জয়ে ম্যাচে ফেরেন গ্রিক তারকা। টিকে থাকে ক্যারিয়ারে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের স্বপ্ন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি কলিনস-বার্টি
যদিও এরপরে গল্পের পুরোটাই দানিল মেদভেদেভময়। সিটসিপাসের ব্যাকহ্যান্ডের দুর্বলতা কাজে লাগিয়ে খেলতে থাকেন দুর্দান্ত সব গ্রাউন্ডস্ট্রোক। ম্যাচের তৃতীয় ও চতুর্থ সেটে ৬-৪ ও ৬-১ গেমে জয় তুলে নেন। আড়াই ঘণ্টার মধ্যেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো আসরের সেমিফাইনাল নিশ্চিত করেন মেদভেদেভ। আর ২০১৯ ও ২০২১ সালের মতো এবারো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার স্বপ্নটা অধরাই থেকে গেলো সিটসিপাসের।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসের জন্য চূড়ান্ত পাঁচ সাঁতারু
গত বছর ইউএস ওপেন জয় করা মেদভেদেভের সামনে এবার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। গতবারের রানার্সআপ এই রাশিয়ান তারকা নাদালের বিপক্ষে মুখোমুখি হয়েছেন চারবার। যার তিনটিতেই জয় নিয়ে এগিয়ে আছেন ক্লে কোর্টের রাজা।