বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

December 06, 2021 at 10:29PM
from JUGANTOR

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সারাদেশ
বরিশাল ব্যুরোবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ভর্তির আবেদনের ফলপ্রকাশ করা হয়েছে। সোমবার দুপুরে ববি উপাচার্যের কক্ষে এই ফল প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছেন। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪৪০টি আসনের বিপরীতে সর্ব মোট বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন বিভাগে ৩৫ হাজার ৭৯২ জন আবেদন করেছেন।
এই আবেদনে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ২০ হাজার ৫৬৮ টি, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯ হাজার ৩২২ টি এবং ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৫ হাজার ৯০২ টি আবেদন পরে। এর মধ্যে ছেলে প্রার্থী ছিল ২১ হাজার ৬০৩ জন ও মেয়ে প্রার্থী আবেদন করেছিলেন ১৪ হাজার ১৮৯ জন। প্রতি আসনের বিপরীতে ২৪ দশমিক ৮৬ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে ঢাকা বোর্ডের সর্বোচ্চ আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
‘এ’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে ঢাকা বোর্ডের ইত্তাসুম মাহমুদ আদিব। তার টোটাল স্কোর ৬৬ দশমিক ৫০। তিনি বিষয় পেয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ‘বি’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে রাজশাহী বোর্ডের মো. সজিব ইসলাম। তার টোটাল স্কোর ৮৩ দশমিক ২৫। তিনি আইন বিষয় পেয়েছেন। ‘সি’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে বরিশাল বোর্ডের ফারহানা খানম। তার টোটাল স্কোর ৭৯ দশমিক ৫০। তিনি ইংরেজি বিষয় পেয়েছেন।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, ভর্তি সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির আহবায়ক ও নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, সদস্য সচিব সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইরফান, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সামসুদ্দোহা, সদস্য সিএসই বিভাগের প্রভাষক মো. রাশিদ আল আসিফ প্রমুখ।
২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি চলবে আগামী ৮ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২৩ জানুয়ারি ক্লাস শুরু হবে। ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।