পাকিস্তানের জয় উদযাপন: ২ মাস ধরে কারাগারে শিক্ষার্থী, অনাহারে মা
December 19, 2021 at 05:30AM
from somoynews.tv | RSS Feed
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যাওয়া ভারতের কাছে চিরকালই বেদনার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের হারটি ছিল বেশ লজ্জার। সেই হার কিছুতেই ভুলতে পারছেন না টিম ইন্ডিয়া এবং তাদের সমর্থকরা। এরই মধ্যে বাবর আজমদের জয় উদযাপন করে বিপাকে পড়েছেন বেশ কয়েকজন ভারতীয়।
ভারতের নাগরিক হয়েও পাকিস্তানের সমর্থন করাদের একজন শওকত আহাম্মেদ গানাই। ভারতীয় এই শিক্ষার্থী বিশ্বকাপে পাক-ভারত ম্যাচে চিরশত্রুদের সমর্থন করায় দণ্ডিত হন। প্রায় দুই মাস ধরে কারাগারে আছেন তিনি।
বিবিসির ভারতীয় প্রতিবেদক রজনী বিদ্যানাথ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এই শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে দেখা করে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন। জানা যায়, ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের বিশাল জয়ের পর শওকত আহাম্মেদ গানাই আনন্দ প্রকাশ করেছিলেন।
তার স্বজনরা বিবিসির প্রতিবেদককে জানায়, পাকিস্তান ম্যাচটি জিতলে শওকত ও তার বন্ধু খুশিতে হোয়াটসঅ্যাপে একে অপরকে মেসেজ আদান-প্রদান করেন। এরপরই তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
শওকতের মা হাফিজা বেগম বলেন, সন্তানের জন্য পরান পুড়ছে। গত দুই মাস ধরে খাবার মুখে উঠছে না। একেকটা দিন বেঁচে থাকা আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠছে। আমার সন্তানকে আমি ফেরত চাই।
এছাড়া শওকতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে স্লোগান দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। এমনকি মামলা লড়তে তারপক্ষে কোনো আইনজীবীও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন শওকতের স্বজনরা।
শওকত ছাড়াও পাকিস্তানের জয় উদযাপন করে বিপাকে পড়েন ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরের স্কুলশিক্ষিকা নাফিসা আতারিও। প্রথমে দেশদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর এই নারীকেও কারাদণ্ড দেওয়া হয়।
ভারতীয় এই শিক্ষিকার পাকিস্তান ক্রিকেটপ্রীতি আড়ালে থাকলেও চলত বা ব্যক্তিগতভাবে উদযাপনেও বিপদে পড়তেন না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জয়ে স্ট্যাটাস দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনেন।
আরও পড়ুন : রিজওয়ানের জন্য তর সইছে না সারাহর
পাকিস্তান ভারতকে হারানোর পর নাফিসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ের ছবি দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর ক্যাপশনে লেখেন, ‘আমরাই জিতেছি।’ নাফিসার সেই স্ট্যাটাসে তার বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক মন্তব্যের ঘরে জিজ্ঞেস করেন, আপনি ভারতীয় হয়েও পাকিস্তানের সমর্থন করেন?
নাফিসা জবাবে লেখেন, জি, আমি পাকিস্তান দলের সমর্থক। এর অল্প কিছুক্ষণের মধ্যেই নাফিসার স্ট্যাটাসের স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে নাফিসার স্কুল বিদ্যালয় কর্তৃপক্ষেরও নজরে আসে।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে নাফিসাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়ে দেয়। চাকরি হারিয়ে নাফিসা দাবি করেন, তিনি একজন দেশপ্রেমিক। কখনই তিনি পাকিস্তানের সমর্থন করেন না। গোটা বিষয়টি ছিল মজার ছলে। কিন্তু নাফিসার সে দাবি কানে তোলেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর চূড়ান্ত বিপদ দেখলেন এই শিক্ষিকা।
গেল ২৪ অক্টোবর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ১৩ বারের দেখায় প্রথমবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। দুবাইয়ে গত ২৪ অক্টোবর বিরাট কোহলির দলকে ১০ উইকেটে উড়িয়ে দেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।