৭ টাকা কমেছে পেঁয়াজের দাম
December 24, 2021 at 06:48AM
from somoynews.tv | RSS Feed
দেশীয় মুড়ি কাটা পেঁয়াজের প্রভাব পড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজে। যার প্রভাবে হিলি স্থলবন্দরের আড়তগুলোতে কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ৭ টাকা।
সপ্তাহের শুরুর দিন শনিবার বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকার ভেদে ৩০ টাকা থেকে ৩৪ টাকা দরে বিক্রি হলেও বৃহস্পতিবার সে পেঁয়াজ বন্দরে বিক্রি হচ্ছে ২৪ টাকা থেকে ২৮ টাকা কেজি দরে।
ভারত থেকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকায় দাম কমেছে বলে জানান হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
তারা জানান, প্রতিদিন কম বেশি আমদানি হচ্ছে। তবে আমদানির তুলনায় ক্রেতা অনেকটাই কম। আবার মোকামগুলোতে পেঁয়াজ থাকায় চাহিদা কমেছে।
এদিকে আমদানিকৃত পেঁয়াজ গুদামে রাখা যাচ্ছে না। কারণ পেঁয়াজগুলো অধিকাংশ পুরাতন। এমনিতেই শীতের সময় পুরাতন পেঁয়াজে গাছ বের হয়। ফলে ওই পেঁয়াজের চাহিদা আরও কমে যায়।
আরও পড়ুন: ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ
আবার দেশে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে মিয়ানমারের পেঁয়াজের কারণে বন্দরে ক্রেতা অনেকটাই কম। যার কারণেই পেয়াজের দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।
হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার থেকে বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৮২টি ট্র্রাকে ২ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।