দেশের কোন এলাকাই উন্নয়নে পিছিয়ে থাকবে না: টিপু মুনশি
December 28, 2021 at 06:35AM
from somoynews.tv | RSS Feed
সরকারের উন্নয়নের ধারা দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী দিনে কোন এলাকাই আর পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, সরকারি দপ্তরগুলোও ঢেলে সাজানো হচ্ছে। অফিস-আদালত আধুনিকায়ন করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী সোমবার (২৭ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পীরগাছার সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। যেসব এলাকায় এখনও কাঁচা রাস্তা রয়েছে, তা দ্রুত পাকাকরণের কাজ শুরু হবে। কোন রাস্তা আর কাচা থাকবে না। করোনার কারণে উন্নয়নমূলক কাজে যে বাঁধাগ্রস্থ হয়েছে, তা আবার সচল হয়েছে।
আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই নেতৃত্ব দেবে: স্বপন ভট্টাচার্য
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে। তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আমরা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই। তাই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে। গ্রামের মানুষ শহরের সুযোগ-সুবিধা ভোগ করছে।
উল্লেখ্য, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি তাঁর নির্বাচনী এলাকা পীরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২৫টি প্রকল্পের উদ্বোধন, ৮০ লাখ ৯৯ হাজার ৮১৯ টাকা ব্যয়ে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন বরেন্দ্র ভবনের উদ্বোধন, ৩৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এর আগে তিনি উপজেলা ইটাকুমারী ইউনিয়নের ২৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে কম্বল ও কিশোরী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন।
এসময় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানগুলোতে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খাঁন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, সহকারি প্রকৌশলী নিজামুল হক, উপজেলা সহকারি প্রকৌশলী মো. সানোয়ার মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মনুর ছড়া ব্রীজ থেকে ঘাঘট নদীর সংযোগ পর্যন্ত নদী খননের কাজ পরিদর্শন করেন।