ফেনীতে একই স্থানে বিএনপি-যুবলীগের সমাবেশ, ১৪৪ ধারা জারি


December 29, 2021 at 12:14AM
from jagonews24.com | rss Feed

রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠ এলাকায় ১৪৪ জারি করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিগত দুই সপ্তাহ ধরে ফেনীতে বিএনপির জনসভার প্রচারণা চলছে। জেলা প্রশাসকের নিকট জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত আবেদন দিয়ে ভেন্যুতে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে। সর্বশেষ রোববার রাতে ফেনীর ওয়াপদা মাঠে জনসভার জন্য আমরা মৌখিক অনুমতি লাভ করি। কিন্তু ওই সময় বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ফেনীর মানুষ শোকাহত হয়।

এছাড়াও মঙ্গলবার বিকালে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সে সময়েই জয়নাল হাজারীর জানাজার সময় নির্ধারিত হয়। তাই মানবিক কারণে বিএনপির কর্মসূচি স্থগিত করে পরদিন বিকালে একই স্থানে জনসভা করার সিদ্ধান্ত হয়। সে আলোকে মঙ্গলবার বিকাল থেকেই দলীয় নেতাকর্মীরা ওয়াপদা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু করেন। এমন সময়ে আকস্মিকভাবে জেলা যুবলীগের পক্ষ থেকে ওই স্থানে কর্মী সমাবেশের ঘোষণা করায় আমরা হতভম্ভ। এ ঘোষণায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, যোগ করেন আলাল উদ্দিন আলাল।

ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন জানান, ফেনীর ওয়াপদা মাঠে বিএনপির জনসভা ছিল সেটি আমরা জানতাম না। সেখানে যুবলীগ ও ছাত্রলীগের পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ ছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ফেনীর ওই মাঠে বিএনপি বা যুবলীগের সমাবেশের বিষয়ে আমরা অবহিত নই। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এবিষয়ে ঊর্ধ্বতনদের নির্দেশনা মোতাবেক আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নুর উল্লাহ কায়সার/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url