নন্দীগ্রামে নৌকা-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংর্ঘষ, আহত ১০
December 07, 2021 at 11:01PM
from jagonews24.com | rss Feed
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর বাজারে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারীর সমর্থকরা পন্ডিতপুকুর বাজারে প্রচারণা করে। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহেল বাকীর সমর্থকদের সঙ্গে কথাকাটি শুরু হয়। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সময় আবদুল্লাহেল বাকীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় আবদুল্লাহেল বাকীসহ উভয় পক্ষের ৮-১০ জন আহত হন।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহেল বাকী জানান, বর্তমান চেয়ারম্যানের কর্মীরা আমার অফিসসহ মোটরসাইকেল ভাঙচুর করেছে। আমাকেও মারধর করেছে।
তবে নৌকার প্রার্থী মোরশেদুল বারী পাল্টা অভিযোগ করে বলেন, আমি বগুড়া শহরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কাজে আছি। আমার সমর্থকরা নির্বাচনী প্রচারণা করতে গেলে স্বতন্ত্র প্রার্থী বাকীর কর্মীরা বিএনপি-জামায়াতের উসকানিতে অতর্কিত হামলা করে। আমার ব্যাপক জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনেই ঘটনা সাজিয়ে বলা হচ্ছে হামলা।
এ নিয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচআর