খরায় কারণে এক-চতুর্থাংশ সোমালি অনাহারে কাটাচ্ছে: জাতিসংঘ
December 21, 2021 at 05:27AM
from somoynews.tv | RSS Feed
জাতিসংঘ সতর্ক করেছে যে, সংঘাতে বিপর্যস্ত সোমালিয়ায় খরার কারণে প্রতি চারজনের মধ্যে একজন অনাহারে দিন কাটাচ্ছে। এখন সেখানে বিগত তিন ঋতুতে কম বৃষ্টিপাতের পরে চতুর্থ দফা বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ বলেছে, বিগত ৩০ বছরে দেশটিতে কখনও টানা তৃতীয়বার বৃষ্টিহীন বর্ষাকাল দেখা যায়নি। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তীব্র খাদ্য সংকটে থাকা ৪৬ লাখ মানুষের জন্য ২০২২ সালের মে মাসের মধ্যে খাদ্য সহায়তার প্রয়োজন দেখা দেবে।
স্থানীয় সময় সোমবার জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে খাদ্য, পানি এবং চারণভূমির ঘাটতির কারণে ইতোমধ্যে ১ লাখ ৬৯ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনুমান করা হচ্ছে যে, ছয় মাসের মধ্যে ১৪ লাখ মানুষ খরায় ক্ষতিগ্রস্ত হবে।
আরও পড়ুন : জলবায়ু পরিবর্তন নিয়ে লাল সংকেত দিল জাতিসংঘ
সাম্প্রতিক বছরগুলোতে, সংঘাত নয় বরং প্রাকৃতিক দুর্যোগ সোমালিয়ায় বাস্তুচ্যুতির প্রধান কারণ। যুদ্ধ বিধ্বস্ত দেশটি জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
সোমালিয়া সংক্রান্ত জাতিসংঘ মানবিক সমন্বয়ক অ্যাডাম আবদেলমৌলা এক সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে পাঁচ বছর বা তার কম বয়সী ৩০ লাখ শিশু গুরুতর অপুষ্টির ঝুঁকিতে পড়বে।