ইউপি নির্বাচনে বোয়ালমারীতে নৌকার ভরাডুবি
December 27, 2021 at 05:25AM
from somoynews.tv | RSS Feed
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১০টি ইউপির মধ্যে ৯টিতেই নৌকার বিরোধীরা জয়লাভ করেছেন। মাত্র ১টিতে নৌকা বিজয়ী হয়েছে।
নৌকা প্রতীকের একমাত্র বিজয়ী প্রার্থী হলেন শেখর ইউনিয়নের কামাল আহমেদ।
এ নির্বাচনে বাকি বিজয়ী প্রার্থী হলেন-বোয়ালমারী সদর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মো. আব্দুল হক, ময়নায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক মৃধা, চতুল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মো. রফিকুল ইসলাম, গুনবহা ইউনিয়নে বিএনপি সমর্থিত অ্যাড. সিরাজুল ইসলাম, সাতৈর বিএনপি সমর্থিত মো. রাফিউল আলম মিন্টু।
আরও পড়ুন: ভৈরবে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাই
এ ছাড়া ঘোষপুর ইউনিয়নে মোহাম্মদ ইমরান হোসেন নবাব, রূপাপাত ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মোল্যা, পরমেশ্বর ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী প্রার্থী মান্নান মাতুব্বর নির্বাচিত হয়েছেন।
দাদপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মো. মোশারফ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোটগণনা শেষে ফলাফর প্রকাশ করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়ন ও পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, চতুর্থ ধাপে ৩৮ ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হয়। বাকি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
এদিকে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ব্যালট ছিনতাই, জাল ভোট দেওয়া, এজেন্টদের মারধর, ভোট বর্জনসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে।