শিশুকে ধর্ষণের পর হত্যা, খাটের নিচে পড়ে ছিল লাশ

November 20, 2021 at 10:52PM
from JUGANTOR

শিশুকে ধর্ষণের পর হত্যা, খাটের নিচে পড়ে ছিল লাশ
সারাদেশ
যশোর ব্যুরোযশোরের বাঘারপাড়ায় রিক্তা খানম (৬) নামে এক শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। শনিবার উপজেলার ঠাকুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযোগ পেয়ে দুপুরেই ধর্ষণে অভিযুক্ত নাজমুল হককে (৩৫) আটক করেছে পুলিশ। অভিযুক্ত নাজমুল উপজেলার দোহাকুলা ইউনিয়নের ঠাকুরকাঠি গ্রামের নওশের আলীর ছেলে। ধর্ষণের শিকার নিহত রিক্তা খানম একই গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। শিশুটি স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মক্তবভিত্তিক শিশু শ্রেণির ছাত্রী ছিল।
প্রতিবেশী আক্তার আলী জানান, নিহত শিশুর পিতা ও প্রতিবেশী নাজমুল একই স্থানে বসবাস করে। শনিবার সকাল থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্দেহ হলে নাজমুলকে তার বাড়ির পাশে গর্ত খোড়ার কারণ জিজ্ঞাসা করলে তার চেহারায় অপরাধের চিহ্ন ভেসে ওঠে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযুক্ত’র নিজ ঘরের খাটের নিচে বস্তার মধ্যে নিহত শিশুর লাশ পাওয়া যায়।
পুলিশ খবর পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় নাজমুলকে আটক করে। স্থানীয়দের ধারণা, সকালে কোনো এক সময় শিশুটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, খবর পেয়েই ফোর্স নিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে। লাশ গুমের জন্য আসামি তার নিজ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। শিশুটির লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও ওসি জানান।