পথচারীর গায়ে পিকআপের ধাক্কার জেরে সংঘর্ষ, আহত ১৫

November 24, 2021 at 11:44PM
from JUGANTOR

পথচারীর গায়ে পিকআপের ধাক্কার জেরে সংঘর্ষ, আহত ১৫
সারাদেশ
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের টঙ্গীতে পথচারীর গায়ে পিকআপের ধাক্কার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে চেরাগআলী ট্রাকস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পথচারী পোশাক কারখানার কর্মকর্তা সাজু মিয়া (৩৫), শান্ত আহমেদ বাদল (১৯), শুভ হোসেন (২০), রাব্বি শিকদার (২২), নুসরাত জাহান নাঈম (২৫), সানজিদ (২০), সাজ্জাদ হোসেন (২১) এবং ট্রাক শ্রমিক ফিরোজ মিয়া (৩৪), আব্দুল (৩২), জামান মিয়া (২৬) ও শুভ মিয়া (২৫)।
এদের মধ্যে বাদল ও শুভর অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের টঙ্গীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাজু মিয়া যুগান্তরকে জানান, তিনি গাজীপুরের মালেকের বাড়ি মায়াগ্রুপের পোশাক কারখানায় অফিস কর্মকর্তা হিসেবে চাকরি করেন। সন্ধ্যায় তিনি অফিসে যাওয়ার উদ্দেশে চেরাগআলীর টঙ্গী-ভাদাম রোডের মাথায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি চালককে থাপ্পড় দেন। এ খবর পাশের ট্রাকস্ট্যান্ড এলাকায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে তাকে ধরে নিয়ে যায়।
তিনি দাবি করেন, শ্রমিকরা ট্রাকস্ট্যান্ডে তাকে মারধর করে তার পকেটে থাকা এক লাখ টাকা কেড়ে নিয়ে ছেড়ে দেয়। পরে তিনি তার বন্ধু নুসরাত জাহান নাঈমকে বিষয়টি জানালে রাত সাড়ে ৮টার দিকে সাজু মিয়া, শান্ত আহমেদ বাদল, শুভ হোসেন, রাব্বি শিকদার, নাঈম, সানজিদ ও সাজ্জাদ ট্রাকস্ট্যান্ডে এসে মারধর এবং টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জিজ্ঞাসা করলে শ্রমিকরা লোহার রড নিয়ে তাদের ওপর চড়াও হয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে সাজু মিয়ার পক্ষের শান্ত ও শুভ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে ট্রাক শ্রমিকদের দাবি, পথচারী সাজু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর উভয়পক্ষের মীমাংসা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তারা আবার ১৫/২০জন লোক নিয়ে ট্রাকস্ট্যান্ডে এসে তাদের ওপর হামলা করে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহআলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।